‘
Y বাংলা নিউজ ডেস্ক রিপোর্ট |
সুপ্রিম কোর্টের নির্দেশকে শিরোধার্য করেই এসআইআর (Special Intensive Revision) সংক্রান্ত শুনানি চলাকালীন তথ্যগত অসংগতি বা লজিক্যাল ডিসক্রিপান্সির তালিকার পাশাপাশি আনম্যাপড ভোটারদের তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। কমিশন সূত্রে জানা গেছে, আগামী শনিবারের মধ্যেই এই তালিকা গ্রাম পঞ্চায়েত ভবন, ব্লক অফিস, তালুক ও ওয়ার্ড অফিস-সহ বিভিন্ন সরকারি দফতরে টাঙিয়ে দেওয়া হবে।
পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় তথ্যগত অসংগতির তালিকায় রয়েছে ৯৪ লক্ষ ৪৯ হাজার ১৩২ জন ভোটারের নাম। পাশাপাশি আনম্যাপড ভোটারের সংখ্যা ৩১ লক্ষ ৬৮ হাজার ৪২৬।
রবিবার থেকে যেসব ভোটারের নাম তথ্যগত অসংগতির তালিকায় রয়েছে, তাঁরা নিজেরা অথবা কোনও প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন। শুনানির সময় মাধ্যমিক পাশের সার্টিফিকেটের পাশাপাশি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও গ্রহণ করা হবে বলে জানিয়েছে কমিশন। বুধবার রাতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নথি জমা দেওয়ার জন্য ১০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
সব প্রক্রিয়া শেষ করে শুনানি সম্পন্ন হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে ২০ ফেব্রুয়ারি নাগাদ—এমনটাই মনে করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
এদিকে, রাজ্যের ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলা-সহ একাধিক অনিয়মের অভিযোগে চার আধিকারিক ও এক কর্মীর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতে নবান্ন কমিশনকে জানায়, আপাতত চার আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। যদিও এফআইআর প্রসঙ্গে আরও সময় চাওয়া হয়েছিল। কিন্তু সেই আবেদনের পরই কমিশন ফের কড়া অবস্থান নেয়। কী পদক্ষেপ করা হয়েছে, তা জানতে মুখ্যসচিবকে চিঠিও পাঠানো হয়েছে।
আজ, বৃহস্পতিবার কমিশন নিযুক্ত ১২ জন পর্যবেক্ষককে নিয়ে বৈঠকে বসছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। বৈঠকে মূলত ভোটার তালিকা সংশোধনের অগ্রগতি ও এসআইআর শুনানির সময় আপলোড হওয়া নথিপত্রের যাচাই প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।












