কলকাতা: আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা ভোটকে সামনে রেখে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। ১৫ জন IAS এবং ১০ জন IPS অফিসারকে সরাসরি কেন্দ্রীয় পর্যবেক্ষক (সেন্ট্রাল অবজার্ভার ও পুলিশ অবজার্ভার) হিসেবে নিয়োগ সংক্রান্ত বৈঠকে ডাকা হয়েছে। কমিশন সূত্রের খবর, একাধিকবার নাম চাওয়া হলেও নবান্ন নাম না দেওয়ায় এবার সরাসরি উদ্যোগ নিয়েছে কমিশন।
চলতি বছরের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম এবং পুদুচেরিতে বিধানসভা ভোট হওয়ার কথা। ওই নির্বাচনগুলিতে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে কাজ করার জন্যই এই ২৫ জন সর্বভারতীয় ক্যাডারের আধিকারিককে তলব করা হয়েছে।
৫-৬ ফেব্রুয়ারি দিল্লিতে বৈঠক
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালকে চিঠি পাঠিয়ে বিষয়টি জানানো হয়েছে। নির্বাচন কমিশনের আন্ডার সেক্রেটারি এম এল মীনা-র পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উপস্থিতিতে এই বৈঠক হবে।
দিল্লির দ্বারকায় অবস্থিত ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্র্যাসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট’-এ আয়োজিত দু’দিনের এই বৈঠকে হাজির থাকা বাধ্যতামূলক বলেও স্পষ্ট করা হয়েছে।
গরহাজির হলেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগ
চিঠিতে কড়া ভাষায় জানানো হয়েছে, তলব করা কোনও IAS বা IPS অফিসার বৈঠকে অনুপস্থিত থাকলে তাঁদের বিরুদ্ধে ‘শৃঙ্খলাভঙ্গের অভিযোগে’ পদক্ষেপ করা হবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) পাঠানো ওই চিঠিটি ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের CEO-কে।
পাশাপাশি, ইমেল মারফত ওই ১৫ জন আধিকারিকের কাছ থেকে বৈঠকে যোগদানের নিশ্চয়তা সংক্রান্ত উত্তর পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
ভিন্রাজ্যে পর্যবেক্ষক হিসেবে নিয়োগের ইঙ্গিত
কমিশন সূত্রের দাবি, কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগের জন্য রাজ্যের কাছে একাধিকবার নাম চাওয়া হয়েছিল। কিন্তু নবান্ন সাড়া না দেওয়াতেই এবার সরাসরি এই সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গ ক্যাডারের এই IAS-IPS আধিকারিকদের ভিন্রাজ্যের বিধানসভা ভোটে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।
রাজ্য-কমিশন টানাপোড়েনের আবহে এই পদক্ষেপ রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে জল্পনা বাড়াচ্ছে।








0 comments:
Post a Comment
আপনার মতামত এর জন্য আপনাকে ধন্যবাদ 👇
👉 যদি মনে হয় বিষয়টা গুরুত্বপূর্ণ, পোস্টটি শেয়ার করুন 🔄নিয়মিত খবরে থাকতে ফলো করুন